টেস্ট র্যাংকিং

উইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩১

জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট হারের বড় মাশুল গুনলো বাংলাদেশ। জিম্বাবুয়েকে দুই টেস্টে হারাতে পারলেই টেস্ট র্যাংকিংয়ে প্রথমবারের মতো আটে উঠে আসতে পারতো সাকিব আল হাসানের দল। আক্ষেপটা এতদিন পরে হচ্ছে, কারণ ওয়েস্টইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট জয়ের সুবাদে রেটিং পয়েন্টে দুই দলের মধ্যকার ব্যবধান এখন মাত্র এক পয়েন্টের।

সফরকারী ওয়েস্টইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে, তাতে আইসিসির টেস্ট র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। তবে অষ্টম স্থানে থাকা ওয়েস্টইন্ডিজের সাথে রেটিং ব্যবধান কমিয়ে ফেলেছে নবম স্থানে থাকা বাংলাদেশ। ওয়েস্টইন্ডিজের রেটিং পয়েন্ট ৭০, আর বাংলাদেশের ৬৯। এর অর্থ হলো— দুই দলের মধ্যকার রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র এক। মিরপুর টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দলগুলোর সর্বশেষ অবস্থান জানিয়েছে গতকাল।

ঢাকা টেস্টের আগে ওয়েস্টইন্ডিজের রেটিং ছিল ৭৬। বাংলাদেশের রেটিং ছিল ৬১। ঢাকা টেস্ট ইনিংস ও ১৮৪ রানের বড় ব্যবধানে জিতে সিরিজ জয় ও ওয়েস্টইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ফলে ৮ রেটিং পায় বাংলাদেশ।

আইসিসি টেস্ট র্যাংকিং-এ সবার উপরে আছে ভারত। ১১৬ রেটিং সংগ্রহে রয়েছে টিম ইন্ডিয়ার। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট যথাক্রমে ১০৮ ও ১০৬।

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে সর্বোচ্চ উইকেটশিকারী স্বাগতিক বাংলাদেশ দলের ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২ ম্যাচের ৪ ইনিংসে ৫৯ ওভার বল করে ২১১ রানে ১৫ উইকেট শিকার করেন তিনি। চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট নিলেও ঢাকার ম্যাচে জ্বলে উঠেন মিরাজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১২ উইকেট নেন তিনি। ফলে ম্যাচ সেরার খেতাব পান মিরাজ। তিনি প্রথমবারের মতো টেস্ট বোলারদের র্যাংকিয়ে সেরা ২০-এ চলে এসেছেন। ১৪ ধাপ এগিয়ে তিনি এখন আছেন ১৬-তে। ছুঁয়েছেন ক্যারিয়ার সেরা ৬৯৬ রেটিং পয়েন্ট।

ব্যাটসম্যানদের মধ্যে ১৫ ধাপ এগিয়ে ৪৮-এ এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর টেস্টে সাত নম্বরে ব্যাট করে তিনি ১৩৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। ৫১১ রেটিং পয়েন্ট ছোঁয়া রিয়াদ এক সেঞ্চুরিসহ সিরিজে ১৭০ রান করেন। তবে, দুই মিরপুর টেস্টের ব্যর্থ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিমের অবস্থান পিছিয়েছে। দুই ধাপ পিছিয়ে মুমিনুল আছেন ২৬-এ। আর মুশফিক সাত ধাপ পিছিয়ে আছেন ২৮-এ।

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সিরিজ সেরার খেতাব পাওয়া সাকিব এগিয়েছেন ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে। মিরপুর টেস্টে ৮০ রানের ইনিংস খেলা অধিনায়ক সাত ধাপ এগিয়ে এখন আছেন ২১-এ।

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেক হয় বাঁ-হাতি ওপেনিং ব্যাটসম্যান সাদমান ইসলামের। প্রথম ইনিংসেই ৭৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। যার সুবাদে র্যাংকিং-এ শীর্ষ একশ জনের তালিকায় জায়গা করে নেন সাদমান। ৩৯৬ রেটিং নিয়ে ৮৩তম স্থানে রয়েছেন সাদমান।

বাংলাদেশ জিতলেও সিরিজে নিঃসন্দেহে সেরা ব্যাটসম্যান ছিলেন ওয়েস্টইন্ডিজের শিমরন হেটমায়ার।  তিনি ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ৫০৬ ছুঁয়েছেন। ব্যাটসম্যানদের মধ্যে তিনি ২৮ ধাপ এগিয়ে চলে এসেছেন ৫২-তে। দুই টেস্টের চার ইনিংসে তিনি যথাক্রমে ৬৩, ২৭, ৩৯ ও ৯৩ রানের ইনিংস খেলেন। দুই ম্যাচের চার ইনিংস ব্যাট করে ২২২ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড় ৫৫.৫০।