ইউটিউবে ভুয়া ভিডিওতে হয়রানি

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:২৩

ইউটিউব হচ্ছে বিনোদনের একটি অন্যতম মাধ্যম। কিন্তু বর্তমানে ইউটিউবে ভুয়া ভিডিওর ছড়াছড়ি। আপত্তিকর ছবি ও শিরোনাম ব্যবহার করে মানুষকে হয়রানি করা হচ্ছে। শিরোনামের সঙ্গে ভিডিওর কোনো মিল খুঁজে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় অযৌক্তিক ও অবাস্তব তথ্য সম্বলিত ভিডিও তৈরি করা হয়। নোংরা ছবি ব্যবহার করে ভিউ বাড়াতে চায় ইউটিউবাররা। ইউটিউব একটি আয়ের উত্স হওয়ায় সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিংক ছড়িয়ে হয়রানি করা হচ্ছে। কোনো ভিডিও দ্রুত ভাইরাল করা যায় বলে তথ্যের প্রকৃত অনুসন্ধান না করে ভিডিও তৈরি করে মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়। ভুয়া ভিডিও, আপত্তিকর শিরোনাম, নোংরা ছবি, অযৌক্তিক থাম্বেল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নবীন ইউটিউবারদের এ ব্যাপারে সচেতন হয়ে যথাযথ তথ্য নিশ্চিত করে ভিডিও তৈরি করা উচিত।

শামীম শিকদার

ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর