সহকারি শিক্ষকদের বেতন ভাতা ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে মানববন্ধন করেছে চরফ্যাশন উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
গতকাল শনিবার দুপুরে চরফ্যাশন পৌর শহরের সদর রোডে চরফ্যাশন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসুচী পালন করে।
বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে অর্ন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি আহ্বান জানান। এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষক শিক্ষিকা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানব বন্ধনে সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম, মেহেদী হাছান শান্ত, ফুয়াদ , নজরুল ইসলাম, তাজল ইসলাম ও আবদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, তাদের বেতন ভাতা দশম গ্রেডে উন্নীত করার দাবী সম্বলিত একটি স্মারক লিপি ইতিপূর্বে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে প্রদান করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার সালেক মুহিদ ইত্তেফাককে জানিয়েছেন, শিক্ষকদের দাবী সম্বলিত স্মারকলিপিটি গ্রহন করা হয়েছে। সেটি সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।
