‘আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়’

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৪:৫৯

ভারত সফরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি টাইগাররা। ব্যাটারদের ব্যর্থতায় ৫০ পেরুনোর আগেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। ১২৭ রানে গুটিয়ে যায় তারা। ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত। বড় স্কোর কীভাবে করতে হয় সেটা জানেন না বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তন, কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়। ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না। এখানে মানসিক অনেক ব্যাপার থাকে।’

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দ্রুত উইকেট হারানো প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শুরুতেই অনেক উইকেট পড়ে গেছে। শুরুতে বেশি উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায়। আমার মনে হয় (বেশি রান না হওয়ার) প্রধান কারণ শুরুতে বেশি উইকেট পড়ে যাওয়া। আমি যে অ্যাপ্রোচের কথা বলেছিলাম, সে জন্য ব্যাটিংয়ে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হবে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে ভালো খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে।’

ইত্তেফাক/জেডএইচ