রাজধানীর ডেমরা বাওয়ানী নগর আবাসিক এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় বিকালে। অভিযান চলাকালীন লেবার ও এক্সেভেটর মেশিন দিয়ে কয়েকটি ভবনের নকশা বহির্ভূত সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা উচ্ছেদসহ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৬/২) ডেমরা বাওয়ানী নগর আবাসিক এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে। আজকে এখানে একটি ভবনের অনুমোদিত নকশার ব্যতয় করে কলাম নির্মাণ করেছে। ব্যতয়কৃত কলামের রড কেটে অপসারণ করা হয়েছে। এছাড়াও বাকী তিনটি ভবনের অনুমোদন নেই। ভবন গুলোর সম্মুখ অংশ ভেঙে অপসারণ করা হয়েছে। নকশা অনুমোদন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকিবে মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। রাজউকের নকশা বহির্ভূত বিল্ডিং তুলতে যেনো না পারে তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
স্থানীয় লোকজন জানান, নকশা বহির্ভূত ভবনে নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব, ইমারত পরিদর্শক মো. মারুফ হোসেন, হায়াত মাহমুদ, মলয় চন্দ্র, মো. শাহআলম, মিল্লাত হোসেন এবং রাজউকের অন্যান্য কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
