শিশু-কিশোরদের মনে বঙ্গবন্ধুর অবদান নিয়ে ধারণা জাগাতে হবে ------আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:৫১

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ‘শিশু-কিশোরদের মনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে ধারণা আমাদেরই জাগ্রত করতে হবে। পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর জীবনসঙ্গিনী হয়ে কীভাবে স্বাধীনতার সংগ্রামে সহযোগিতা করেছেন তা-ও জানাতে হবে। এজন্য শিশুদের খেলাধুলা, সাহিত্য ও  সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তুলে তাদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং বঙ্গবন্ধু-বঙ্গমাতার প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলতে বেশি বেশি করে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।’

গতকাল বৃহস্পতিবার বিকালে ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, ‘ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গ্লোন্ডকাপ ফুটবল খেলায় তোমাদের অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে। ১৭ কোটি মানুষের এই দেশে দুই দলের মাত্র ২২ জন খেলোয়াড় মাতিয়ে রাখে। আজ যাদের নামে এই খেলায় অংশ নিয়ে বিজয়ী হয়েছ, সেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে তোমরা এখন বুঝতে পারবে না। সেজন্য তোমাদের ভালোভাবে পড়ালেখা করে সুশিক্ষিত হয়ে উঠতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, ওসি মো. মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, খান এনামুল করিম পান্না, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, ক্রীড়া সংগঠক জামাল উদ্দিন স্বপন মিয়া প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে গোল্ডকাপ তুলে দেন।

স্থানীয় বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায়  বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক)  গৌরীপুর ইউনিয়নের ৯০ নম্বর দক্ষিণ পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত করে ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ভিটাবাড়িয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যম্পিয়ন হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৯০ নম্বর দক্ষিণ পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে তেলিখালী ইউনিয়নের ১৬৩ নম্বর হরিণপালা আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

ভাণ্ডারিয়া পৌরসভায় মতবিনিময়

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, গ্রামীণ অবকাঠামোসহ সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকারের প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিভিন্ন কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। কারণ রাষ্ট্রের টাকায় সব উন্নয়ন করা হয়। আর সেই টাকা জনগণের ট্যাক্সের মাধ্যমে অর্জিত।