মুয়াজ্জিনসহ পাঁচ জেলায় ৭ জন নিহত

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:৫৪

গতকাল পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় সাত জন মারা গেছে। এর মধ্যে খুলনায় দুই মাছ ব্যবসায়ী, রাজশাহীর গোদাগাড়ীতে দুই আম ব্যবসায়ী, নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল আরোহী, হবিগঞ্জের মাধবপুরে মুয়াজ্জিন এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

খুলনা : দুপুরে নগরীর বাইপাস সড়কের আড়ংঘাটা শহীদের মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই পোনা মাছ ব্যবসায়ী নিহত হন। তারা হলেন আরিফুল ইসলাম ও ইনসান। নিহত আরিফুল দীঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের হান্নানের ছেলে এবং ইনসান একই গ্রামের ইমারত মোড়লের ছেলে। জানা যায়, দুপুর ১২টার দিকে খুলনা থেকে একটি নছিমন যশোরের দিকে যাওয়ার পথে আড়ংঘাটার শহীদের মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি পরিবহনের ধাক্কায় নছিমনটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে নছিমনে থাকা ইনসান ঘটনাস্থলে নিহত ও আরিফুল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আরিফুলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান।

গোদাগাড়ী (রাজশাহী) :গোদাগাড়ীতে মিনি ট্রাক খাদে পড়ে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কামারপাড়া অভয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ তিন জন আহত হন। আহতদের গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বউখালী গ্রামের নুরুজ্জামান (৫০) এবং একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আইয়ুব খান (৫৮)।

নাটোর :নাটোরের নলডাঙ্গার জামতৈলের ভাতঝড়া বিলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অপূর্ব নামের মোটরসাইকেলচালক (কলেজ ছাত্র) নিহত ও তার সঙ্গী আহত হন। নিহত অপূর্ব সরকার উপজেলার ভূষণগাছা গ্রামের দীপেন সরকারের ছেলে। নলডাঙ্গার ওসি শফিকুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে অপূর্ব কলেজ থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন। নিহত অপূর্ব ও আহত অপর আরোহী উভয়েই একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। মাধবপুর (হবিগঞ্জ): গতকাল দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নতুন বাজার এলাকায় সড়ক পারাপারের সময় সিলেট থেকে কুমিল্লাগামী বাসের চাপায় শাহপুর জামে মসজিদের মুয়াজ্জিন উপজেলার আলীনগর গ্রামের ফিরোজ মিয়া ঘটনাস্থলে মারা যান। মুয়াজ্জিন নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় তারা মহাসড়কে গাছ ফেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও  জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি শান্ত করেন।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের তেঁতুলতলা যাত্রী ছাউনির কাছে সুরুচি এন্টারপ্রাইজ নামক একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী রমজান ঘটনাস্থলেই নিহত হন। নিহত রমজান আলী (৩৫) উপজেলার চাঁদগাঁও গ্রামের ভুবন আলীর পুত্র বলে জানা যায়।