শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছে। নিহত যুবকদ্বয় হলো উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর ডাইস্যাপাড়া গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল এবং একই ইউনিয়নের দ্বোভাগী গ্রামের আসাদুল ইসলামের ছেলে রয়েল।
স্থানীয় সূত্রমতে, বুধবার রাত ১১টার দিকে রয়েল, সাদ্দামসহ কয়েকজন রাখাল চোরাইপথে গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্তের ১৬/৫এস নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে গুলি ছুড়লে রয়েল ও সাদ্দাম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাদের সঙ্গীরা লাশ নিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। সাদ্দামের চাচাতো ভাই হাবিব বলেন, মনোহরপুর বিওপির বিজিবি সদস্যরা প্রথমে লাশ নিয়ে গেলেও পরে আবার তা ফেরত দেয়। তবে রয়েলের লাশ কোথায় আছে তা জানা যায়নি। দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুল রাজিব রাজু এ ঘটনায় দুজনের মৃত্যু নিশ্চিত করলেও লাশ কোথায় আছে তা জানাতে পারেননি।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবির উপ-অধিনায়ক মেজর মুখলেসুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে এ পর্যন্ত নিশ্চিত কোনো সংবাদ আমাদের কাছে নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
