স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা স্প্যানিশ লিগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে। দিনের অন্য ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সেভিয়া দেপোর্তিভো আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ফলে এক ম্যাচের বিরতিতে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে শিরোপাধারী বার্সেলোনা।
বেশ কিছুদিন ধরেই সমালোচনার তীরে বিদ্ধ বার্সেলোনা ফরোয়ার্ড উসমান দেম্বেলে আলো ছড়িয়েছেন এদিন। তার করা ক্রসে মাথা ছুঁইয়েই প্রথমার্ধ্বে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার জেরার্ড পিকে। ৩৬ মিনিটে ১-০ গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা বিরতিতে যায় এই অগ্রগামিতা নিয়েই। অধিনায়ক লিওনেল মেসির বাড়ানো বলে ৮৭ মিনিটে লিগে নিজের অভিষেক গোলটি করেন দলের তরুণ মিডফিল্ডার কার্লোস অ্যালেনইয়া। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
পুরো ম্যাচ জুড়েই গতি এবং পায়ের শৈলীতে ভিয়ারিয়াল রক্ষণে ত্রাস ছড়িয়েছেন দেম্বেলে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ ভালভার্দের কণ্ঠেও তাই ঝরে পড়লো দেম্বেলে স্তুতি। ভালভার্দের ভাষায়, ‘খেলাটির অন্যতম উল্লেখযোগ্য খেলোয়াড়দের অন্যতম ছিলো সে। ম্যাচে অনেক ভালো কাজ দেখিয়েছে সে এবং তার কাছে এমন ভালো ম্যাচ আরও বেশি পরিমাণে আশা করি আমরা।’
তিনি আরও বলেন, ‘তার গতি, ড্রিবলিং, শুট করার ক্ষমতা এবং গতি পরিবর্তনের ব্যাপারগুলোর কারণেই তাকে আলাদা করে চোখে পড়ে।’
এই মৌসুমে বড় দলের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখালেও তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষে জয় পেতে কাঠখড় পোড়াতে হচ্ছে বার্সাকে। ভালভার্দে মনে করেন বলের দখল না থাকলে দলের বাজে পারফর্মেন্সই এর জন্য দায়ী। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধ্বে যখন আমরা বলের দখল পাচ্ছিলাম না তখন আমরা ধুকছিলাম। তারা আরও বেশি শক্তিশালী হয়ে গিয়েছিলো এবং নিজেদের পুনরায় সাজানোর প্রয়োজন পড়ে গিয়েছিলো আমাদের। তাই তাদেরকে আরও বেশি ভয়ঙ্কর হওয়া থেকে রুখতে পেরেছিলাম আমরা।’
পূর্ণ তিন পয়েন্ট পেলেও এই জয় মন ভরাতে ব্যর্থ হয়েছে ভালভার্দের। বার্সার এই কোচ বলেন, ‘বলের দখল না থাকলে যা ঘটে তা দেখার পরে আমরা মোটেও সন্তুষ্ট নই।’
আগের রাউন্ডেই লা লিগার শীর্ষে ওঠা সেভিয়া এই ম্যাচে আবারও হোঁচট খেয়েছে। দেপোর্তিভো আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ফলে এক ম্যাচ পরেই আবারও দুইয়ে চলে গেছে তারা। সেই সুবাদে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে শিরোপাধারী বার্সেলোনা।
রবিবারের খেলা শেষে ১৪ ম্যাচ থেকে বার্সেলোনার পয়েন্ট এখন ২৮। সমান সংখ্যক ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে সেভিয়া। ১৪ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৩ পয়েন্ট। তারা আছে পঞ্চম স্থানে। এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানটি দখলে নিয়েছে দেপোর্তিভো অ্যালাভেস।
