নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ 

আজ জয়েই চোখ বাংলাদেশের 

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৫:১৯

শারজায় আজ রাত ৮টায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয় তুলে নেওয়ার বিকল্প নেই টাইগ্রেসদের সামনে। জিতলে টিকে থাকবে সেমিফাইনালের স্বপ্ন। সেজন্য দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামছেন নিগার সুলতানা জ্যোতিরা। গতকাল তিনি বলেছেন, 'আমরা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারি তাহলে আমাদের সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকবে। আমরাও চাই সেটি যেন অর্জন করতে পারি। আমাদের বোলাররা ভালো করেছে। কিন্তু ব্যাটাররা ছন্দে ফিরতে না পারলে ম্যাচ জেতা খুব কঠিন হয়ে যাবে।' 

বাংলাদেশের অধিনায়ক বলেছেন, 'শেষ দুটি ম্যাচ আমাদের জন্য ভালোই ছিল। একটি আমরা জিতেছি, আরেকটিতে হেরেছি। আমরা সেখান থেকে অনেক কিছু শিখেছি যে আমাদের পরবর্তী ম্যাচে কী করতে হবে। এখান থেকে ইতিবাচক বিষয়গুলো আমরা ধরে রাখতে চাই, যা পরের ম্যাচে কাজে দেবে। আমাদের যে বিষয়টিতে উন্নতি করতে হবে, সেটি দেখাই যাচ্ছে। ব্যাটিংয়ে সমস্যা রয়েছে আমাদের। গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। বোলাররা ভালো করেছে।' 

শারজায় বাংলাদেশ বড় স্কোর না পেলেও অস্ট্রেলিয়া সেটি করে দেখিয়েছে। এই বিষয়ে জ্যোতি বলেছেন, 'বড় স্কোর দেখতে ভালোই লাগে। আগের ম্যাচে আমরাই কেবল কম রান করিনি। দক্ষিণ আফ্রিকাও ১২৪-এর মতো রান করেছে। অস্ট্রেলিয়ার ম্যাচ দেখে অনুপ্রাণিত হয়েছি। আমাদের ব্যাটাররাও চেষ্টা করবে বড় স্কোর গড়ে তোলার জন্য।' 

আজ একাদশে পরিবর্তনের বিষয়ে বলেছেন, 'আমরা পরিবর্তন নিয়ে ভাবছি না। আমরা সকলে মিলে অনুশীলন করেছি। সে সময়ে ভেবেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেমন দল গড়া যায়। পরিবর্তন হবে কি না সেটি নির্ভর করবে কর্তৃপক্ষের ওপর এবং কোন খেলোয়াড় কীভাবে খেলতে পারবে তার ওপরেও। এখন মূল বিষয় হলো, আমরা জয়ের জন্য মাঠে নামবে। সেজন্য যে কম্বিনেশনই আসুক, সেটি নিয়েই লড়ব।' 

একদিকে অধিনায়ক অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার হিসেবেও মাঠে জ্যোতিকে ভূমিকা রাখতে হয়। এই বিষয়ে তিনি বলেছেন, 'আমি সব সময় উপভোগ করার চেষ্টা করি। যখন ব্যাটিংয়ে থাকি তখন একজন টপ অর্ডার ব্যাটার হিসেবে কীভাবে দলের জন্য ভূমিকা রাখতে পারি, সেটিই চিন্তা করি। পরিস্থিতি যেমন আসে সেই অনুযায়ী যাওয়ার চেষ্টা করি। সবশেষ দুই ম্যাচে আমি আমার সেরাটা দিতে পারিনি। আমার আরো বেশি কিছু করা উচিত দলের জন্য। এবার ব্যক্তিগতভাবে আমি দলকে সেরাটা দেওয়ার চেষ্টা করব।' 

সংযুক্ত আরব আমিরাতে দিনের বেলায় খেলাটা খুব কঠিন। কারণ সে সময়ে তাপমাত্রা অনেক বেশি থাকে। জ্যোতির মতে, 'রাতে খেলাটাই বেশি ভালো লেগেছে। রাতে আবহাওয়া অনুকূলে থাকে, সুন্দর বাতাস থাকে। কিন্তু দুপুরের খেলাটা সকলের জন্যই কঠিন থাকে। অনেক গরম থাকে। মাঝেমধ্যে অনেক সুস্থ খেলোয়াড়ও দুর্বল হয়ে পড়েন। সেজন্য রাতে খেলাটাই উভয় দলের জন্য ভালো।'

বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা নিয়ে দলনেতা বলেছেন, 'ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ভালো সুযোগ ছিল। কিন্তু আমরা সেটি তুলে নিতে ব্যর্থ হয়েছি। বুঝতে পারলেও এখন তো অতীত সেই ঘটনা। আমরা চেষ্টা করব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে। আমি যা বুঝি, তাতে আমাদের সামর্থ্য এবং সক্ষমতা রয়েছে। এই বিশ্বকাপের জন্য গেল কয়েক মাস ধরে দলের সকলেই কঠিন পরিশ্রম করছেন। সুতরাং আমরা সকলেই দলের ভালোর জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। গেল দুই ম্যাচে যে ভুল হয়েছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকেই খেয়াল রাখব।' 

সতীর্থদের নিয়ে জ্যোতি বলেছেন, 'দলের সকলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। এই মুহূর্তে তারা কিছুটা হতাশ। তবে আমি তাদের ওপরে বিশ্বাস রেখেছি, প্রয়োজনের সময়ে তারা দারুণভাবে ফিরে আসবে। আমি তাদের বলেছি, এটা কেবলই একটা দিন, যে দিনের ওপরে আমাদের মনোযোগ রাখতে হবে। এই দিনে আমরা ব্যাটিং- বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে চাই। আমরা যদি আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে ৮০-৯০ ভাগ এগিয়ে থাকব।'

ইত্তেফাক/জেডএইচ