সাভারে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তুহিন নামের পাঁচ বছর বয়সি এক শিশুকে অপহরণের ১০ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাচারকারী চক্রের এক নারী সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হেমায়েতপুরের বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অপহূত শিশুটিকে উদ্ধার করা হয়। আটককৃত নারীর নাম মর্জিনা বেগম (৪০)। সে রংপুর জেলার পীরগঞ্জ থানার জামালপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। অপহূত শিশু তুহিন সাভারের হেমায়েতপুর এলাকার আর্জেন্টপাড়া মহল্লার মো. রুবেলের ছেলে।
পুলিশ জানায়, গত ৩ জুলাই হেমায়েতপুর আর্জেন্টপাড়া এলাকা থেকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু তুহিনকে কৌশলে অপহরণ করেন মর্জিনা বেগম। অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় ডায়েরি করে শিশুটির পরিবার। এরপর পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
