কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের (২৯) লাশ উদ্ধার করা হয়েছে। এস আই আমিরুল ইসলাম জানান স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে অজ্ঞাত ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় অপমৃত্যু মামলা করেছে পুলিশ। নিহতের পরিচয় মিলেনি।
নবাবগঞ্জে গৃহবধূর
রহস্যজনক মৃত্যু
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রামে চাঁদনী আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ থানা পুলিশ চাঁদনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামী মো. রিমন (২৬) পলাতক রয়েছে। নিহত চাঁদনীর বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সন্তানের জননী চাঁদনী তার স্বামী রিমনের সাথে বিভিন্ন নারীর অনৈতিক সম্পর্কের বিষয় জানতে পারায় দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের অত্যাচার ও অবহেলা সইতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজন বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে গৃহবধূ চাঁদনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাঁদনী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।
