স্পোর্টস রিপোর্টার
আবুধাবিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে আছে পাকিস্তান। স্বাগতিকদের বোলিং তোপের মুখে দিন শেষ করার আগে নিউজিল্যান্ড সাত উইকেট হারিয়ে করে ২২৯ রান। এর আগে প্রথম দুই টেস্ট শেষে সিরিজে এখন ১-১ সমতা।
আবারো বল হাতে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। তিনি নেন তিনটি উইকেট। বিলাল আসিফ নেন দু’টি উইকেট। অভিষিক্ত শাহীনশাহ আফ্রিদি ও হাসান আলী একটি করে উইকেট নেন।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামস। এই ইনিংসটি নিউজিল্যান্ডের মান বাঁচালেও নিঃসন্দেহে ডান হাতি এই ব্যাটসম্যান সেঞ্চুরি না করার আক্ষেপে পুড়বেন।
নিউজিল্যান্ডের ওপেনার জিত রাভাল করেন ৪৫ রান। মাত্র ৭৪ রানের মধ্যে এদিন নিউজিল্যান্ড চার উইকেট হারায়। এরপর কেন উইলিয়ামসন হাল ধরেন। বিজে ওয়াটলিংয়ের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে তিনি যোগ করেন ১০৪ রান। এই জুটিতেই ২০০-রানের গণ্ডি পার করে সফরকারীরা।
বিজে ওয়াটলিং ৪২ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গী উইলিয়াম সমারভিল করেছেন ১২ রান। এর আগে কলিন ডি গ্রান্ডহোম ২০ রান করেন।
