হিম্মত থাকলে খালেদাকে মুক্ত করে সক্ষমতা দেখান

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:৪০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতিবাচক রাজনীতি করে দেউলিয়া হয়ে যাওয়ায় জনগণ তাদের কোনো আন্দোলনের ডাকেই সাড়া দেয় না। আর আন্দোলন করতে না পারাটা বিএনপির দুর্বলতা, আওয়ামী লীগের কিছু করার নেই। বিরোধীদল রাজপথে আন্দোলন করতে ব্যর্থ হলে সরকার সে দায় নিতে পারে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মীসভায় বিএনপির নেতাদের উদ্দেশে তিনি আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আওয়ামী লীগ জেলে বন্দি করেনি। আদালতের আদেশে দুর্নীতির মামলায় তিনি বন্দি হয়েছেন। এখানে আওয়ামী লীগ-বিএনপির দ্বন্দ্বের কোনো বিষয় নেই। বিএনপির যদি এতোই সাহস আর সক্ষমতা থাকে তাহলে খালেদা জিয়ার জন্য আন্দোলন করে না কেন? শুধু মুখে আন্দোলনের হাক-ডাক। বাস্তবে কোনো আন্দোলন আজ পর্যন্ত তারা করতে পারেনি। হিম্মত থাকলে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে বের করে নিজেদের সক্ষমতা দেখান।

সরকারকে বিপদে ফেলতে গুজবের ডালপালা বিস্তার করা হচ্ছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হচ্ছে এটা তারা সহ্য করতে পারছে না। তাই তারা বলে লাখো মানুষের মাথা ও রক্তের প্রয়োজন। কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, কী নির্মম, কী নিষ্ঠুর! এমন অপপ্রচারও তারা করে! তিনি বলেন, এই সকল অপপ্রচারের বিরুদ্ধে ফেসবুকে; সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অ্যাকটিভ হতে হবে।

চলতি মাসেই আবারো দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। দায়িত্বশীলদের এক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের মনে রাখতে হবে যাকে তাকে আওয়ামী লীগের সদস্য পদ দিতে পারবো না। চিহ্নিত সন্ত্রাসী, দুর্নীতিবাজ, স্বাধীনতা বিরোধী ও সামপ্রদায়িক শক্তির কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সমাবেশ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।