তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই সমলোচনাকে স্বাগত জানিয়ে এসেছে। গঠনমূলক সমালোচনা সঠিক পথে চলতে সহায়তা করে। রাজধানীর বারিধারার একটি হোটেলে ‘ইয়ং লিডার ফেলোশিপ’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ৩০ জন রাজনৈতিক নেতা অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ (জাপা) বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ কর্মীদের জন্য চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ডেমোক্র্যাটিক ইন্টারন্যাশনাল। তথ্যমন্ত্রী বলেন, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য দলের কর্মীরা অংশ নিচ্ছেন। এটা একটি গণতান্ত্রিক দেশের জন্য সত্যিই মঙ্গলজনক। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি কেটি ক্রোক, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা আশরাফ-উদ-দৌলা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
