কিডনি থাকে হার্টের মধ্যে!

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:৪৮

হাস্যকর মন্তব্য করে কিছুদিন পরপর আলোচনায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা অভ্যাস হয়ে গেছে! তাঁর একটি উক্তির রেশ কাটতে না কাটতেই আরেকটি সামনে হাজির হয়। ট্রাম্পের উদ্ভট মন্তব্যের সর্বশেষ সংযোজন—মানুষের কিডনি নাকি হার্টে থাকে!

ট্রাম্প প্রশাসন সম্প্রতি কিডনি-বিষয়ক স্বাস্থ্য জটিলতা নিয়ে জোরেশোরে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বুধবার বিকালে ওয়াশিংটন ডিসিতে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এরপর সেখানে আমন্ত্রিত চিকিত্সক ও অন্য অতিথিদের উদ্দেশে স্বাগত ভাষণ দেন। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প কিডনি বিশেষজ্ঞদের বলেন, ‘আপনারা এই বিষয়গুলো নিয়ে কঠোর পরিশ্রম করেছেন। আপনারা জানেন হূদ্যন্ত্রের খুবই বিশেষ জায়গায় কিডনি আছে। এটি একটি অবিশ্বাস্য বিষয়।’

মুহূর্তের মধ্যে ট্রাম্পের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। ভিডিওচিত্রটি কয়েক ঘণ্টায় ২০ লাখের বেশিবার দেখা হয়েছে। দর্শকরা নানারকম হাস্যরসাত্মক মন্তব্য করেছেন এটি দেখে। একজন বলেছেন, ট্রাম্প যখন বলেছেন তখন নিশ্চয় হার্টের ভেতর কিডনি আছে!

তবে কেউ কেউ আবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, ট্রাম্প নিশ্চয় এতটা বোকা নন যে কিডনি কোথায়, সেটা তিনি জানেন না। মূলত এই কথা দিয়ে তিনি কিডনির গুরুত্ব বুঝিয়েছেন। তিনি আসলে বলতে চেয়েছিলেন, কিডনির গুরুত্ব সবাই ‘হূদয় দিয়ে’ অনুভব করে।

যুক্তরাজ্যের ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের উদ্ধৃতি দিয়ে ‘গার্ডিয়ান’ বলছে, কিডনির অবস্থান শরীরের পেছনের নিচের অংশে। আর বুকের মাঝে অবস্থান করছে আমাদের হূদ্যন্ত্র বা হার্ট।