পাকিস্তান দল থেকে বাদ পড়লেন বাবর-শাহিন

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৮:১৮

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ব্যাট হাতে ছন্দে না থাকায় দল থেকে বাদ পড়েছেন বাবর আজম। এ ছাড়া বাজে পারফরম্যান্সের কারণে দলে জায়গা হয়নি দুই পেসার নাসিম শাহ ও শাহিন আফ্রিদির।

রোববার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে ১৬ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। বাবর, শাহিন ও নাসিমের বাদ পড়ার কারণ হিসেবে তাদের সাম্প্রতিক ফর্ম ও ফিটনেসের বিষয় দেখানো হয়।

সদ্য নির্বাচক কমিটিতে নতুন দায়িত্ব পাওয়া দেশটির সাবেক পেসার আকিব জাভেদ বলেন, 'আমরা আত্মবিশ্বাসী যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই বিরতি বাদ পড়া খেলোয়াড়দের ফিটনেস, আত্মবিশ্বাস ও ধৈর্য ফিরিয়ে আনবে। ফলে ভবিষ্যতে তারা যখন দলে আসবে তখন নিজেদের সেরা অবস্থানে থাকবে।'

দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ছন্দে নেই বাবর। সবশেষ ১৮ ইনিংসে নেই কোনো ফিফটি। সর্বোচ্চ রান করেছেন ৪১। যার কারণে গত শুক্রবার মুলতান টেস্টের পরই সাবেক এই অধিনায়ককে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল নতুন নির্বাচক কমিটি।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমের জামাল, আব্দুল্লাহ শফিক, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, সায়িম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আঘা, জাহিদ মেহমুদ।  

ইত্তেফাক/জেডএইচ