আবারও পুরোনো ঠিকানায় থাকছেন মাহমুদউল্লাহ-মাশরাফি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৩:২৫

বিপিএলের একাদশ আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটের প্রথম পর্বে দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা তাদের পুরোনো দল পেয়েছেন। ফলে সিলেট স্ট্রাইকার্সেই ফের দেখা যাবে মাশরাফিকে এবং মাহমুদউল্লাহকে ফরচুন বরিশালে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকার একটি অভিজাত হোটেলে এ প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করা হয়।

এদিকে সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ থেকে দল পেয়েছেন মাহমুদউল্লাহ। তিনি টানা দ্বিতীয় আসরে খেলবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে। তিনজনেই গত আসরে প্রথমবার বরিশালের শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন। যদিও এবার মাত্র দুজন ক্রিকেটারকে রিটেইন করার নিয়ম থাকায় রিয়াদকে ছেড়ে দেয় ফরচুন বরিশাল। কিন্তু তামিম-মুশফিককে ধরে রাখে দলটি। তবে ড্রাফট থেকে ঠিকই তারা তুলে নিলো রিয়াদের নাম।

অন্যদিকে গত বছরও সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন মাশরাফি। দলটি তাকে এবারও ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে। যদিও ড্রাফটের আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা নিয়ে বিতর্ক হয়েছিল। ওই ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা করে।

আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) একাদশ আসরের। যেখানে সাতটি দল অংশগ্রহণ করবে; তার মধ্যে চারটি দল পুরোনো, তিন দল এসেছে মালিকানা বদলে। শক্ত দল গড়তে সাত ফ্র‌্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখানে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের টিম গড়বে দলগুলো।

ইত্তেফাক/ কেএইচ