মেয়েদের ফুটবলে কাজ করবে ইউনিসেফ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের মেয়েদের ফুটবলে উন্নতি দেখে এগিয়ে এসেছে ইউনিসেফ। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের আনাচে কানাচে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে বাফুফের সঙ্গে কাজ করবে। নারী ফুটবলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অনেক ভালো পারফরম্যান্স করছে। সাফল্য তুলে আনছে। এমন মেয়েদের পাশে দাঁড়াতে পেরে ইউনিসেফও দারুণ খুশি। বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধিরা সানজিদা, মারিয়া, সাবিনা, মনিকাদের দারুভণ প্রশংসায় ভাসালেন। নারী ফুটবলারদের হিরো বলে আখ্যা দিলেন তারা।

ইউনিসেফ এবং বাফুফের মধ্যে দুই বছরের জন্য চুক্তি হয়েছে।  চুক্তির অধীনে ইউনিসেফ প্রধানত কাজ করবে দেশের ৬৪ জেলায় প্রতিভা অন্বেষণে। তবে নারী ফুটবল দল যেখানেই খেলতে যাবে তাদের জার্সির গায়ে ইউনিসেফ কথাটি লেখা থাকবে।

এমন স্পন্সর পেয়ে দারুণ খুশি ফুটবলার সানজিদা আক্তার। তিনি সংবাদ মাধ্যমকে বললেন, ‘আমারা ভালো খেলতে পারলে স্পন্সর আসবে। ভালো করতে পারছি বলেই দেশি প্রতিষ্ঠানের পর বিদেশি প্রতিষ্ঠানও আসছে।’

ঢাকা ব্যাংক নারী ফুটবল দলকে ৬ বছরের জন্য পৃষ্ঠপোষকতা করছে। তারা পৃষ্ঠপোষকতা করলেও ইউনিসেফের সঙ্গে আলাদা থাকবে সব কিছু। বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন বললেন,‘ঢাকা ব্যাংক এবং ইউনিসেফের বিষয়টি আলাদা। ইউনিসেফ জেলায় জেলায় ট্যালেন্ট হান্ট করবে।’

বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনও ইউনিসেফের সঙ্গে নারী ফুটবল নিয়ে চুক্তি হওয়ায় উছ্বসিত। তিনি বললেন,‘এই চুক্তিটি আমাদের ফুটবলের জন্য মর্যাদার একটি চুক্তি। ইউনিসেফের মতো একটি প্রতিষ্ঠান ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। মেয়েদের পাশে দাঁড়িয়েছে। এখানে অর্থনৈতিক বিষয়টি বড় নয়।’ ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন,‘এই উদ্যোগ বাংলাদেশে ছড়িয়ে থাকা প্রতিভা তুলে আনার মাধ্যমে খেলাধুলার জগতে আমাদের অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ তৈরি করবে।’ তার কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশে বার্সেলোনাকে আনা যায় কিনা।  এমন প্রশ্নে বেগবেদার জানিয়েছেন তিনি বার্সেলোনার সঙ্গে কথা বলবেন।