আর্সেনালের বড় জয়

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫

চেলসি, লিভারপুলও জিতেছে

 স্পোর্টস ডেস্ক

আর্সেনাল গত রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত তিনটি ‘ডার্বি’ লড়াইয়ের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে।

এর মধ্যে সবচে বড়টিতে আর্সেনাল ৪-২ গোলে হারায় টটেনহ্যাম হটস্পারকে। জয় পেয়েছে অপর দুই বড় দল চেলসি ও লিভারপুল। নিজ মাঠে চেলসির ২-০ গোলের জয়টি ছিল ফুলহ্যামের বিরুদ্ধে। অপরদিকে লিভারপুল ৯৬তম মিনিটের গোলে ১-০ ব্যবধানে হারায় এভার্টনকে।

উত্তর লন্ডনের দল দুটি এমিরেটস স্টেডিয়ামে লড়তে নামলেও হটস্পারদের চেয়ে প্রাণপ্রাচুয্যে এগিয়ে ছিল আর্সেনালই। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে শক্তিক্ষয় করা লড়াইয়ের পর হটস্পাররা যেন খেই হারিয়ে ফেলেছিল।

কোচ মরিচিও পচেত্তিনোর দল এরপরও বিরতিতে গিয়েছিল খেলার ধারার বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে থেকে। কিন্তু কোচ উনাই এমারির দল লড়াই চালিয়ে যোগ্যতার নিরিখেই জয়টি তুলে নেয়। আর্সেনালের পিয়েরে-এমেরিক অবামেয়াং জোড়া গোল করেন। ফরাসি ফরোয়ার্ডের দ্বিতীয় গোলেই সমতা ফেরায় স্বাগতিকরা। এরপর তিন মিনিটের ব্যবধানে ল্যাকাজেত্তে ও তোরেইরার গোলে বড় জয় নিশ্চিত হয় আর্সেনালের।

এ নিয়ে ১৯ খেলায় অপরাজিত আছে গানাররা। বর্তমান নৈপুণ্য অব্যাহত থাকলে আর্সেনাল উত্তর লন্ডনের প্রতিদ্বন্দ্বী হটস্পারকে শীর্ষ চারে চ্যালেঞ্জ জানাতে পারবে। বর্তমানে ৩০ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে চতুর্থ স্থানে আছে এমারির দল। অতিথিদের হয়ে ৩০ মিনিটে ডায়ার ও ৩৪ মিনিটে হ্যারি কেইন গোল করেছিলেন।

লিভারপুলের জয়টি ছিল সৌভাগ্যপ্রসূত। ডিভক ওরিজির ৯৬ মিনিটের হেডে মার্সেসাইডের দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে এভার্টনকে ১-০ গোলে হারায় কোচ য়ুর্গেন ক্লপের দল। এ জয়ে শীর্ষে থাকা ম্যানচেষ্টার সিটির সাথে দুই পয়েন্টের ব্যবধান গড়ে আগের মতোই দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

মজার ব্যাপার হলো, ২০১৭ সালের আগস্টের পর এই প্রথম প্রিমিয়ার লিগে খেলতে নেমে গোল পেলেন বেলজিয়াম ফরোয়ার্ডটি। তার গোলে কষ্টকর জয়ের পর কোচ ক্লপ আনন্দে এতটাই উন্মাতাল হন যে পরে এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

চেলসি দুই গোলে ফুলহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে উঠে এসেছে। দুই ম্যাচ পর জয়ে ফিরলো চেলসি। ফুলহ্যামের হার মানে দলটি এখন পয়েন্ট টেবিলে সবার নিচে গড়িয়ে গেল। চতুর্থ মিনিটে পেদ্রো ও ৮২ মিনিটে লফটাস চিক গোল দুটি করেন।