বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ রোববার ১৫৪ স্কোর নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।
এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৪০৯ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ভারতের দিল্লি ২৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় এবং দেশটির আরেক শহর কলকাতা ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
