অণুগল্প

বৃষ্টিবিলাস

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২০:১৪

 

ইতির প্রিয় ঋতু যে বর্ষা এটা তার ফেসবুক প্রোফাইলের পিক ও স্ট্যাটাস দেখে বোঝা যায়। বৃষ্টি এলে ইতির মনের আকুলতা আর আবেগের বিস্ফোরণ ঘটে ফেসবুক স্ট্যাটাসে। ক্যাম্পাসে একই বিভাগে চার-পাঁচ বছর একসঙ্গে লেখাপড়া করলেও ইতিকে চেনা যেন বেশ দুরূহ ব্যাপার ছিল। ইতি বরাবরই বৃষ্টির মতোই রহস্যময়! ইট-কাঠ-পাথরের শহরে এক পশলা বৃষ্টিতে শহরের প্রাণ-প্রকৃতি যেমন সজীবতা লাভ করে, ইতির মধ্যেও বর্ষা যেন নতুন প্রাণসঞ্চার করে। আমি ফেসবুক পাগল নই! মাঝেমধ্যে ঢুঁ মারা হয় আর কী! ক্যাম্পাসে ইতি প্রায়ই বলে, ‘তুমি কি আমার আজকের স্ট্যাটাস পড়েছ?’ আমি না পড়লেও হ্যাঁ সূচক উত্তর দিই। বৃষ্টি নিয়ে কোনো কথা যেন আমার ভালো লাগে না! তবুও মানিয়ে নেওয়া! ক্যাম্পাস থেকে ফেরার সময় একদিন আচমকা বৃষ্টি শুরু হলো। ইতি হঠাত্ বলল, ‘তুমি আমার সাথে বৃষ্টিতে ভিজবে।’ অনিচ্ছা সত্ত্বেও না করলাম না। এরপর আরো কয়েকবার ইতির সঙ্গে বৃষ্টিতে ভেজা হয়েছে কারণে-অকারণে! বৃষ্টির সঙ্গে ইতির যেন বেশ বোঝাপড়া। বৃষ্টি আসার আগে ইতি আন্দাজ করতে পারে! এমনও হয়েছে আগামীকাল বৃষ্টি হবে বলে ইতি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। দেখা গেছে পরের দিন ঠিকই বৃষ্টি হয়েছে!

একদিন ঝুম বৃষ্টি। ক্যাম্পাসে যেতে মন চাইছে না। ফেসবুকটা চালু করেছি মাত্র। হঠাত্ চোখে পড়ল ইতির স্ট্যাটাস। স্ট্যাটাসে লেখা, ‘এমন দিনে যদি কদম ফুলের গন্ধ নিতে পারতাম!’ ঠিক খানিক পর ইতিকে অবাক করে দিয়ে তার সামনে কদম ফুল নিয়ে উপস্থিত হই। এ যেন বাদল দিনের প্রথম কদম ফুল! এখন ইতি আর বৃষ্টির সঙ্গে আমি নিজেকেও বেশ মানিয়ে নিয়েছি।

একটা বর্ষা মৌসুমের ব্যবধান মাত্র! বর্ষা তার স্বরূপে আবার এসেছে। মনে হচ্ছে, আমি বৃষ্টির প্রেমে পড়ে গেছি, কোনো কিছুতে মন বসাতে পারছি না। কিন্তু কেন যেন ইতির দেখা নেই। সব যেন ওলটপালট হয়ে গেছে। ইতি বৃষ্টি নিয়ে আর স্ট্যাটাস দেয় না, বৃষ্টিতেও আর ব্যাকুল হয় না। নিজের ফেসবুক প্রোফাইলের ছবিও পরিবর্তন করে ফেলেছে। বৃষ্টি, সেই ক্যাম্পাস আর কদম ফুল সবই আছে—নেই শুধু নেই চিরচেনা ইতি! খোঁজ নিয়ে জানা যায়, তার সঙ্গে যে ছেলেটির বিয়ে হওয়ার কথা ছিল, সেই ছেলেটি কয়েক মাস আগে এমন এক বৃষ্টির দিনে তাকে রেখে বিদেশে চলে গেছে।