জার্মানির ডুসেলডর্ফ শহরে একটি পিৎজা রেস্তোরাঁতে অভিযান চালিয়ে পুলিশ রেস্তোরাঁর মালিকসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে৷ পিৎজা রেস্তোরাঁটির ‘পিৎজা নম্বর ৪০’ খুব নাটকীয়ভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে৷ তবে সেই জনপ্রিয়তা স্বাদের জন্য নয়৷ পিৎজা রেস্তোরাঁটি চিজ, টমেটো ও ময়দা দিয়ে বানানো পিৎজার পাশপাশি অন্য অনেক কিছু সরবরাহ করার জন্য অভিযুক্ত হয়েছে৷
পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁটির ‘পিৎজা নম্বর ৪০’ এ পিৎজার সঙ্গে কোকেন সরবরাহ করা হতো৷ এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া পিৎজাগুলোর একটি ছিল৷
৩৬ বছর বয়সি রেস্তোরাঁ মালিক তার বাড়িতে পুলিশের উপস্থিতি বুঝতে পেরেই ব্যাগ ভর্তি মাদক জানালা দিয়ে ছুড়ে ফেলে দেয়৷ তবে ব্যাগটি পুলিশের হাতেই পড়েছে৷ অভিযুক্ত রেস্তোরাঁ মালিকের অপরাধে জড়ানোর অতীত কোনো রেকর্ড নেই৷
গ্রেপ্তারের দুদিন পর রেস্তোরাঁর মালিককে ছেড়ে দেওয়া হয়েছিল৷ পুলিশ জানায়, মুক্তি পাওয়ার পর রেস্তোরাঁ মালিক আবারও ‘পিৎজা নম্বর ৪০’ সরবরাহ করা শুরু করে৷ তবে পুলিশ বলছে এর মাধ্যমে তারা কোকেনের সরবরাহ ও বিপণনের অন্যান্য সূত্র সম্পর্কেও জানতে পেরেছে৷
১৫০ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত অভিযানে পুলিশ এক কেজি ৬০০ গ্রাম কোকেন, ৪০০ গ্রাম গাঁজা ও নগদ দুই লাখ ৬৮ হাজার ইউরো জব্দ করেছে৷
জার্মানির নর্থ রাইন ওয়েস্টাফালিয়া রাজ্যে মাদকের সরবরাহ বন্ধ করতে বেশ কিছুদিন ধরেই মাদকবিরোধী অভিযান চালাচ্ছে জার্মান পুলিশ৷
