এনটিভিতে আজ দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মৌরানী’। আনিসুল হকের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন রিয়াজ, তিশা, মৌসুমী হামিদ, ড. ইনামুল হক, আজাদ আবুল কালাম, মাজনুন মিজান প্রমুখ। ফয়সাল রাজিব একজন কবি, পাশাপাশি একটি দৈনিক পত্রিকার বিনোদন সম্পাদক। অফিস এবং কবি কর্ম থেকে দু-দিনের ছুটি নিয়ে গর্ভবতী স্ত্রী শিলুকে গ্রামের বাড়ি দেখাতে এনেছে ফয়সাল রাজিব। শিলুকে নিয়ে এই প্রথম ফয়সালের গ্রামের আসা। তাই গ্রামের রেলস্টেশন, ফয়সালের ছোটবেলার স্কুলের সব স্মৃতিময় জায়গাগুলো ঘুরে ঘুরে শিলুকে দেখাচ্ছে ফয়সাল। তারই ধারাবাহিকতায় ফয়সালের স্কুলের সহপাঠী রূপার প্রসঙ্গ চলে আসে। শিলু ফয়সালকে জিজ্ঞেস করে, রূপা এখন কোথায়? রূপাকে আবার নতুন করে খুঁজতে শুরু করে ফয়সাল। সেই সহজ-সরল রূপা কেমন করে মৌরানী হয়ে উঠলো? এমনই একটি গল্প দেখা যাবে নাটকটিতে।
