ষষ্ঠ চ্যাম্পিয়ন পাচ্ছে বিশ্বকাপ

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:১৮

আগামীকাল লর্ডসে ফাইনাল

স্পোর্টস রিপোর্টার

যতই বিশ্বায়নের কথা বলা হোক না কেন, ক্রিকেট বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়নের দেখাই মেলে না ২৩ বছর ধরে। ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটা এতদিন পর্যন্ত ঘুরপাক খেয়েছে পাঁচটি দেশের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এই পাঁচটি দেশ এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। অবশেষে এই চক্র থেকে বের হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। আগামীকাল লর্ডসে নতুন কোনো দলের হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি।

আর এই নতুন চ্যাম্পিয়নকে খুঁজে নেওয়ার লক্ষ্য নিয়েই আগামীকাল লর্ডসে অনুষ্ঠিত হবে ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল। এবারের ফাইনালে অংশ নেওয়া দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আগে কখনো স্পর্শ করতে পারেনি এই ট্রফি। ফলে যেই জিতুক, ষষ্ঠ দেশকে পাওয়া যাবে ট্রফি বিজয়ী হিসেবে।

এবারের আগে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ১১ বার। এই বিশ্বকাপটা কত কম দলের হাতে গেছে সেটা বুঝতে একটা তথ্যই যথেষ্ট—এর মধ্যে ৯ বারই ট্রফিটা জিতেছে তিনটি দল। আরো ভালো করে বললে বলতে হয়, এক অস্ট্রেলিয়াই জিতেছে পাঁচবার। এছাড়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতেছে দুইবার করে। আর পাকিস্তান ও শ্রীলঙ্কা একবার করে বিশ্বকাপ জিতেছে।

এবার বিশ্বকাপ নিশ্চিত করেছে যে, এই পাঁচ দলের বাইরে এবার অন্তত নতুন একটা দলের হাতে যাচ্ছে বিশ্বকাপ। এবার অবশ্য আরো কিছু ঘটনা ঘটেছে। ১৯৯২ সালের পর এই প্রথম বিশ্বকাপ ফাইনালে ভারত বা অস্ট্রেলিয়া কোনো দলই নেই। এখানে ভারতকে যুক্ত করতে হচ্ছে আসলে একটি আসরের জন্য। বলা ভালো, ১৯৯২ সালের পর এই নিয়ে মাত্র দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে ছাড়া বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। ২০১১ ফাইনালে অস্ট্রেলিয়া ছিল না। 

নতুন চ্যাম্পিয়নের দেখা মিলছে; তাও ১৯৯৬ সালের পর এই প্রথম। ১৯৯৬ সালে শিরোপা জিতে এই তালিকায় নাম লিখিয়েছিল শ্রীলঙ্কা। তারপর থেকে গত আসর পর্যন্ত পুরোনো চ্যাম্পিয়ন কোনো দলই শিরোপা জিতেছে। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের আসরেও নতুন চ্যাম্পিয়ন পাওয়া যায়নি। কারণ ওয়েস্ট ইন্ডিজই দ্বিতীয় শিরোপা জেতে। ১৯৮৩ সালে ভারত নিজেদের প্রথম ট্রফি জেতে। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়া জেতে নিজেদের প্রথম ট্রফি। ১৯৯২ সালে পাকিস্তান জিতেছিলো ট্রফি। ১৯৯৬ সালে জেতে শ্রীলঙ্কা। মানে, ১৯৮৩ থেকে ১৯৯৬ টানা চার আসরে চারটি নতুন দল বিশ্বকাপ জিতেছিল। তারপর এবার আবার প্রথম দেখা যাবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের দুই ফাইনালিস্ট অবশ্য এর আগেও ফাইনাল খেলেছে। ইংল্যান্ড এর আগেও তিনবার ফাইনাল খেলেছে। আর নিউজিল্যান্ড গত আসরেই প্রথমবারের মতো ফাইনাল খেলেছে। এখন পর্যন্ত দুই দলই ফাইনালে ব্যর্থ হয়েছে। এবার দেখার পালা, কে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারে।