স্পোর্টস ডেস্ক
ফরাসি স্ট্রাইকার আন্তনিও গ্রিজমান আগামী সোমবার ডাক্তারি পরীক্ষা শেষে পাঁচ বছরের জন্য বার্সেলোনায় সই করবেন।
গতকাল শুক্রবার স্পানিশ ক্লাবটি তার জন্য ‘রিলিজ ক্লজের’ ১২ কোটি ইউরো (১৩৫ মিলিয়ন ডলার) অ্যাটলেটিকা মাদ্রিদকে দিয়ে দেয়ার কথা। গ্রিজমান এরই ধারাবাহিকতায় আগামীকাল রবিবার স্পেনের ইবিজা থেকে বার্সেলোনায় যাবেন।
গত কয়েকদিন ধরে গ্রিজমানকে কিনতে এই শর্তাধীন অর্থ প্রদান নিয়ে সমস্যা হচ্ছিল। সবকিছু ঠিকঠাক মতো এগুলে বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে সোমবার বিকালেই ফরাসি খেলোয়াড়টিকে অনুশীলনে পাবেন।
বার্সেলোনা দুই বছর ধরে স্ট্রাইকারটিকে দলে নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে তাদের এ চেষ্টা সফল হলো। এর আগে গত মৌসুমেও কাতালান ক্লাবটি তাকে সই করাতে চেয়ে ব্যর্থ হয়। কেননা ২৮ বছরের এই তারকা ফুটবলার তখন বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
গ্রিজমান এবার স্পানিশ লিগ শেষ হওয়ার সময়েই জানিয়ে দেন যে, আগামী মৌসুমে তিনি আর অ্যাটলেটিকোয় ফিরছেন না। তবে তিনি কোথায় যাবেন সেটিও বলেননি সেসময়। যদিও সবারই ধারণা ছিল গন্তব্য স্পেন।
বার্সেলোনার সাথে চুক্তি চূড়ান্ত হওয়া ছাড়াই গ্রিজমান অ্যাটলেটিকো সমর্থকদের বিদায়ী বার্তায় তাকে ‘প্রচুর ভালোবাসার’ কারণে ধন্যবাদ জানিয়েছিলেন। অথচ গত মৌসুমেই স্পানিশ রাজধানীর ক্লাবটির সাথে পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করেছিলেন গ্রিজমান।
বার্সেলোনার তিন তারকা লিওনেল মেসি, লুই সুয়ারেজ ও জেরার্ড পিকে আগেরবার এই ফরাসি স্ট্রাইকারকে দলে নিতে সুপারিশ করেছিলেন। সে হিসেবে বলা যায়, বার্সেলোনার বর্তমান দলের সাথে তার মেলবন্ধন ভালো হবে।
তিন কোটি ইউরোয় রিয়াল সোসিয়েদাদ ছেড়ে ২০১৪ সালের জুলাইয়ে অ্যাটলেটিকোতে এসেছিলেন গ্রিজমান। এরপর প্রতি মৌসুমে তিনিই ছিলেন কোচ দিয়েগো সিমিওনির দলের সর্বোচ্চ গোলদাতা। অ্যাটলেটিকোর হয়ে ইউরোপা লিগ, স্পানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ জেতেন এই ফরোয়ার্ড।
জাপানি তরুণকেও নিল বার্সা
এদিকে জাপানের উঠতি মেধা হিরোকি আবেকে কাশিমা অ্যান্টলার্স থেকে সই করিয়েছে বার্সেলোনা। ২০ বছরের এই ফরোয়ার্ড ২০১৮ সালে জাপানের সর্বোচ্চ ফুটবল আসর জে লিগের সেরা তরুণ খেলোয়াড় হয়েছিলেন।
হিরোকি অবশ্য বার্সেলোনার ‘বি’ দলে যোগ দেবেন। দুপক্ষের মধ্যকার আর্থিক চুক্তির বিষয়টি জানানো হয়নি। তবে এর আগে প্রকাশিত খবরে জানা যায় হিরোকির জন্য বার্সেলোনা ২০ লাখ ইউরো দেবে।
উল্লেখ্য, জাপান জাতীয় দলের হয়ে সম্প্রতি কোপা আমেরিকায় খেলেছেন এই তরুণ।
