স্পোর্টস ডেস্ক
সেরেনা উইলিয়ামস যে কিংবদন্তি টেনিস খেলোয়াড়দের তালিকায় থাকবেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা নিশ্চিত করতে তাকে অন্তত মার্গারেট কোর্টের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটির সমকক্ষ হতে হবে। উইম্বলডনের ফাইনালে আজই তার এ লক্ষ্য পূরণ হতে পারে সিমোনা হ্যালেপের বাধা পেরোতে পারলে। বর্তমানে ৭৬ বছর বয়সী অস্ট্রেলীয় মার্গারেট কোর্ট ১৯৬০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত খেলে নারী এককে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন।
আমেরিকান এই তারকা চলতি বছরে তৃতীয়বারের মতো সুযোগ পাচ্ছেন মার্গারেটের সমকক্ষ হওয়ার। ৩৭ বছরের সেরেনা আশা করছেন এবার তিনি তৃতীয় চেষ্টায় সফল হবেন। গত বছরের উইম্বলডনে অ্যাঞ্জেলিক কারবার ও ইউএস ওপেনে জাপানের নাওমি ওসাকা তাকে ফাইনালে হারিয়ে দিলে সেরেনার অপেক্ষা বাড়ে।
উইলিয়ামস দাবি করেন সেমিফাইনালে অবাছাই চেক বারবোরা স্ট্রাইকোভার সঙ্গে ৬-১, ৬-২ গেমে জয়ের আগ পর্যন্ত মার্গারেট কোর্টের রেকর্ডটি তার মাথায় আসেনি। মাত্র ৫৯ মিনিটে জয়টি নিশ্চিতের পর তিনি বলেন,‘আমি এটা নিয়ে আজই ভেবেছি। এটা হলো আসলে কোর্টে যাওয়া এবং নিজের সেরাটা দেয়া। আমি এ ব্যাপারে শান্তই আছি।’
জিতলে সেরেনার জন্য এটি শুধু মার্গারেটের সমকক্ষ হওয়াই নয়, ২০১৭ সালের সেপ্টেম্বরে মা হওয়ার পর প্রথম শিরোপা। উইম্বলডনের হিসেবে ১১তম ফাইনালে ওঠে অষ্টম জয়।
এদিকে হ্যালেপ জানিয়েছেন উইম্বলডনের ফাইনালে সেরেনার মতো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে তিনি ‘মানসিকভাবে শক্তিশালী’ আছেন। হ্যালেপ অল ইংল্যান্ড ক্লাবে প্রথম সেমিফাইনালে যোগ দেয়ার পথে এলিনা সভিতলিনাকে হারান। তারপরই প্রতিপক্ষ হিসেবে পান এই আসরের সাতবারের চ্যাম্পিয়ন সেরেনাকে।
রোমানিয়ান হ্যালেপ অবশ্য আমেরিকান উইলিয়ামসের সঙ্গে এর আগে যে ১০বার মুখোমুখি হয়েছিলেন, তাতে জয়ের দেখা পান কেবল একবার। সেটিও ছিল ২০১০ সালের ডব্লিউটিএ ফাইনালসে।
আসন্ন লড়াইয়ের প্রাক্কালে ২৭ বছরের হ্যালেপ বলেন,‘আমি বিশ্বাস করবো যে তার বিরুদ্ধে জিততে আমার সুযোগ আসবে। অবশ্যই সে যা করেছে এবং এখনো করছে সেটিকে আমি সম্মান করি। কিন্তু এখন আমি তার মুখোমুখি হওয়ার আগে নিজেকে শক্তিশালী মনে করছি। আমরা দেখবো কি ঘটতে যাচ্ছে। এটা আমার জন্য স্রেফ একটা বড় চ্যালেঞ্জ।’
সপ্তম বাছাই হ্যালেপের উইম্বলডনে আগের সেরা অর্জন হলো ২০১৪ সালের সেমিফাইনালে খেলা। সে অর্থে আজ সেরেনার বিরুদ্ধে জয়ের কাজটা বেশ কঠিনই।
