১৮৯ রানে এগিয়ে বিসিবি একাদশ

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:১৯

মিনি রঞ্জি ট্রফি

স্পোর্টস রিপোর্টার

কর্ণাটকে মিনি রঞ্জি ট্রফিতে প্রথম চারদিনের ম্যাচের তৃতীয় দিন শেষে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ১৮৯ রানে এগিয়ে আছে বিসিবি একাদশ। গতকাল তাইজুল ইসলামের ঘূর্ণি তোপে পড়ে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথম ইনিংসে ৩৫৩ রানে অলআউট হয়েছে। প্রথম ইনিংসে ১৪৭ রানের লিড পায় বিসিবি একাদশ।

গতকাল শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে মুমিনুল হকের দল। ১ উইকেটে ৪২ রান তুলে দিনের খেলা শেষ করেছে বিসিবি একাদশ। জহুরুল ইসলাম অমি ২৫ রান করে আউট হন। সাইফ হাসান ১৫ ও অধিনায়ক মুমিনুল ১ রানে অপরাজিত রয়েছেন। আজ ম্যাচের শেষ দিনে দ্রুত রান তুলতে পারলে জয়ের সুযোগ তৈরি করতেও পারে বিসিবি একাদশ। সেক্ষেত্রে প্রথম সেশনে ভালো স্ট্রাইক রেটে রান তুলতে হবে মুমিনুলদের। প্রতিপক্ষকে অন্তত ৩০০ রানের টার্গেট দিতে পারলে জয়ের জন্য চেষ্টা করতেও পারে বিসিবি একাদশ।

গতকাল শেষ ৯ উইকেটে আরো ২৩৯ রান যোগ করে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিসিবি একাদশের তাইজুল একাই স্বাগতিকদের ব্যাটিং লাইনে ধস নামিয়েছেন। ৮৯ রানে ৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাসকিন আহমেদ ও আরিফুল হক একটি করে উইকেট নেন। গতকাল সকালেই বিসিবি একাদশকে দারুণ সূচনা এনে দেন তাসকিন। ৬২ রান করা অক্ষয় কোলহারকে ফেরান তাসকিন।

তৃতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়েন দেশপান্ডে ও তাইডি। ওই জুটি ভাঙেন তাইজুল। তাইডি ৪৫ রান করে আউট হন। দলীয় ২৮১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান দেশপান্ডে। তাইজুলের বলে এলবির ফাঁদে পড়ার আগে ইনিংস সর্বোচ্চ ৯১ রান করেন দেশপান্ডে। পরে স্বাগতিকদের ব্যাটিংয়ের লেজটাও মুড়ে দিয়েছেন তাইজুল। তারপরও শেষ দিকে রাঠৌড়ের ২৯, ওয়াদকারের ২৯, দর্শন নালকান্দের অপরাজিত ৩৪ রানে বিদর্ভের স্কোরটা ৩৫০ পার হয়।