ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসের আল-মানারা এলাকার একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ায় ১০টির বেশি আবাসিক ভবনে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার সিভিল ডিফেন্স একে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে কামাল আদওয়ান হাসপাতালেও বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এতেও হতাহতের ঘটনা ঘটেছে। তবে খান ইউনিসে সর্বশেষ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে তাণ্ডব চালায়। এতে অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়। এ ছাড়া অন্তত ২৫০ জনকে জিম্মি করে হামাস।
এরপরেই সেইদিন থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লাখের বেশি। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।
