গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বেআইনি ও সহিংসভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে ৭ সদস্যের ‘তথ্যানুসন্ধান’ কমিটি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়াকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া অন্য সদস্যরা হলেন শাহপরাণ হলের প্রধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জামাল উদ্দিন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনযুর উল হায়দার।
কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচার বিরোধী আন্দোলন কেন্দ্র করে গত ১৫ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক দফায় ছাত্রলীগের হামলার শিকার হয়েছে।
