আমিনুল ইসলাম হিরু, বগুড়া অফিস
অবশেষে বগুড়া (জাহাঙ্গীরাবাদ)-নাটোর জাতীয় মহাসড়ক উন্নয়নে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৭০৭ কোটি ৩২ লাখ টাকার প্রকল্প অনুমোদন হলো। গত মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পটি অনুমোদন হয়। এ সড়কের বেহাল অবস্থা নিয়ে গত ২৪ জুন ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়।
‘বগুড়া (জাহাঙ্গীরাবাদ)-নাটোর জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পটি একনেক অনুমোদন হওয়ায় বগুড়ার নন্দীগ্রাম ও নাটোরের সিংড়া উপজেলার জনগণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ৬৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৯৬২ সালে ১৮ ফুট প্রশস্ততায় জেলা পরিষদ নির্মাণ করে। সে সময় সড়কের গুরুত্ব ও ব্যস্ততা কম ছিল। ১৯৮০ সালে সড়কটি সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর হয়। তখন থেকে সড়কটি কেবল পিস কার্পেটিং করে যানবাহন চলাচলের জন্য সচল রাখা হয়। এদিকে যানবাহন চলাচলে ব্যস্ততা বেড়ে যাওয়ায় অপ্রশস্ত সড়কে নিত্য দুর্ঘটনা এবং জনদুর্ভোগের সীমা ছিল না। প্রকল্প অনুমোদন হওয়ায় মহাসড়কটি ২৪ ফুট প্রশস্ততায় উন্নীতকরণ করা হবে।
এ ব্যাপারে সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, প্রকল্প অনুমোদনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সিংড়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সড়ক উন্নয়ন হলে এ এলাকার কৃষক তাদের উত্পাদিত পণ্যের ন্যায্য দাম পাবে। ব্যবস্যা-বাণিজ্য ও উত্তরবঙ্গের অর্থনীতি গতিশীল হবে।
পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, সড়কের উন্নয়ন হলে অবহেলিত এই এলাকার সকল ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হবে।
নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্ বলেন, এই সড়কের উন্নয়নের জন্য জেলা উন্নয়ন কমিটির বৈঠকে বহুবার আলোচনা করেছি, কোনো লাভ হয়নি। সড়ক উন্নয়নে প্রকল্প অনুমোদন হওয়ায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। সড়ক প্রকল্প বাস্তবায়ন হলে উত্তর জনপদের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
