নোয়াখালী প্রতিনিধি
জেলা শহর মাইজদী তথা নোয়াখালী পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে শহরের ছাগলমারা খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকায় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পারিচালিত হয়। এ সময় খালের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, বাড়িঘর, কালভার্ট-সহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক তন্ময় দাস জানান, জেলা শহরে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। সেনাবাহিনী নোয়াখালী খাল পুনঃখনন প্রকল্পের কাজ করছে। এ প্রকল্পের আওতায় শহরের খালের কিছু অংশ রয়েছে। পাশাপাশি শহরের খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিষ্কাশনে পথগুলো সচল করতে সেনাবাহিনীকে সহযোগিতার জন্য অনুরোধ করা হলে তাদের প্রযুক্তি ও জনবল দিয়ে এ অভিযান শুরু করে। সেনাবাহিনী, জেলা প্রশাসন ও বিএডিসির এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
