যমুনার নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৩:২৪

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল শিক্ষার্থী জিহাদের মরদেহ ২১ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসে ডুবুরি দল। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় যমুনা নদী ৩ নম্বর ক্রস বাঁধ এলাকা থেকে জিহাদের মরদেহ উদ্ধার হয়। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জিহাদ (১৫) সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মো. জুয়েলের ছেলে এবং সবুজ কানন স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং অন্বেষণ স্কাউট দলের সাবেক নেতা।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, তার নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। পরে তাকে না পাওয়া গেলে খবর দিয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে আসা হয়। এরপর গতকাল (শুক্রবার) বিকেল থেকে ৫ সদস্যের ওই ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ওই উদ্ধার অভিযান গতকালের মতো স্থগিত করা হয়। 

তিনি আরও বলেন, এরপর শনিবার সকাল ৭টা থেকে  দ্বিতীয় দিনের মতো আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টায়  একই স্থানে পানির গভীরে ব্লকে আটকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি