ফুটবলের ঐতিহাসিক ধ্রুব লড়াই এল ক্লাসিকো। এ নিয়ে সমর্থকদের মধ্যে যেমন চলছে টান টান উত্তেজনা, দুই দলের কোচ ও খেলোয়াড়দেরও ম্যাচটি নিয়ে প্রস্তুতির শেষ নেই। শনিবার (২৬ অক্টোবর) রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে আতিথ্য দেবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
এই ম্যাচের আগে শুক্রবার (২৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারানোয় এ সময় বার্সেলোনার দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন উপস্থিত সাংবাদিকদের একজন। এ বিষয়ে দলের মধ্যে কিছু জায়গাতে ত্রুটি এখনও রয়েছে বলে উল্লেখ করেন ফ্লিক।
তিনি বলেন, ‘দল ভালো খেলছে সত্যি, তবে হাই ডিফেন্সিভ লাইনে প্রেসিং ফুটবল খেলার মূল্যও দিতে হচ্ছে মাঝে মাঝে। আর এর সুযোগ নিচ্ছে প্রতিপক্ষের খেলোয়াড়রা। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস ও এমবাপ্পের মতো ক্ষিপ্র গতির ফুটবলার রয়েছে। তারা এই সুযোগ কাজে লাগিয়ে অনায়াসেই (বার্সাকে) বিপদে ফেলতে পারে।’
তবে এই সমস্যার সমাধানে কাজ করছেন জানিয়ে বার্সা বস বলেন, ‘হাই ডিফেন্সিভ লাইনে খেলার কারণে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা যায়। তবে এক্ষেত্রে ডিফেন্ডারদের সতর্ক থাকতে হয়। তারা যদি (ডিফেন্সিভ) লাইনের মাঝের জায়গা কমিয়ে দেয়, তাহলে রক্ষণ ভাঙা প্রতিপক্ষের জন্য কষ্টকর হয়ে যায়।’
ভিনিসিয়ুস ও এমবাপ্পে দুই উইং দিয়ে আক্রমণে উঠতে দারুণ পটু উল্লেখ করে ফ্লিক বলেন, ‘স্পেস দিলে তারা যেকোনো মুহূর্তে ডিফেন্স ভেঙে সর্বনাশ করে দিতে পারেন। ফলে আমাদের ফুলব্যাকদের এ বিষয়ে সজাগ থাকতে হবে।
জুল কুন্দে ও আলেক্স বালদেকে নিয়ে এ বিষয়ে কাজ শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, ‘বায়ার্ন ম্যাচটি কঠিন ছিল, কিন্তু রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ আলাদা একটি দল, তাদের খেলোয়াড়রাও আলাদা। ফলে (রিয়াল মাদ্রিদের বিপক্ষে) আমাদের মানিয়ে নিতে হবে।’ তবে ডিফেন্স লাইনে স্পেস না দিলে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই কোচ।
লা লিগায় এবারের আসরে ১০টি করে ম্যাচ খেলেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে রয়েছে হ্যান্সি ফ্লিকের দল। অন্যদিকে বার্সার সমান ম্যাচ খেলে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
সূত্র: ইউএনবি

