লাউয়াছড়ায় নাগরিক সমাজের মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
বন্য প্রাণী নিয়ে গবেষণার নামে আন্তর্জাতিক চোরাচালান প্রতিহত করার দাবিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেটের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় উদ্যানের প্রবেশ পথে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কোনো প্রকার সরকারি অনুমতি না নিয়ে ইতিপূর্বে দেশি-বিদেশি কতিপয় গবেষকের সঙ্গে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করে বন্য প্রাণীর নমুনা সংগ্রহ, পাচার ও ধ্বংস করা হচ্ছে। বন ও জীববৈচিত্র্য রক্ষা আইন অমান্য করে গবেষণার নামে প্রাণী পাচার করা হচ্ছে। এ ধরনের একাধিক চক্র প্রাণী পাচারের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়। এতে লাউয়াছড়া জাতীয় উদ্যান ও সিলেটের বিভিন্ন সংরক্ষিত বনের বিলুপ্তপ্রায় প্রাণী, জীববৈচিত্র্য ধ্বংস হয়ে পড়ছে। এ অভিযোগে প্রতিবাদী হয়ে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) সিলেট বিভাগীয় সম্পাদক আব্দুল করিমের নেতৃত্বে স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা কমিটি, পরিবেশ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা সিলেটের সভাপতি আব্দুল করিম, হবিগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, মৌলভীবাজারের সমন্বয়কারী আ ছ ম ছালেহ সোহেল, সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ছামির মাহমুদ চৌধুরী, পরিবেশকর্মী আব্দুল আহাদ, পরিবেশ সংগঠক নিয়ামুল ইসলাম খান, পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক নুরুল মোহাইমিন, ব্যারিস্টার গোলাম সোবহান চৌধুরী, স্থানীয় পরিবেশকর্মী শামছুল হক, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ আজাদ প্রমুখ। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
