পিরোজপুর অফিস
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনা এখন সময়ের দাবি। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এসব গুণ না থাকলে সেই শিক্ষা কোনো শিক্ষা নয়। এ কুশিক্ষা নিয়ে জাতি কিছুই করতে পারে না। শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, কোমলমতি শিশুদের মাদক, ইন্টারনেটের অপব্যবহার, ইভটিজিং ইত্যাদি প্রবণতা থেকে রক্ষা করতে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। শিক্ষকতাকে চাকরির সঙ্গে তুলনা করবেন না। চাকরি এবং শিক্ষার মহান পেশা এ দুটির মধ্যে ভিন্নতা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। সদ্য পাশ করা বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।
পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষক সমিতির জেলা সভাপতি সুখরঞ্জন ব্যাপারির সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওসার আলী শেখ, জেলা শিক্ষা কর্মকর্তা সুনিল চন্দ্র সেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা কাজী মজিবুর রহমান, মোস্তফা জামান খান, সুনীল বরণ হালদার প্রমুখ।
