বর্ণবাদী আচরণে অতিষ্ঠ হয়ে বিশ্বের কাছে প্রতিকার চেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাবের ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ অ্যাসোসিয়েশন থেকে শুরু ফুটবল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ফিফাও তখন এগিয়ে এসেছিল। সকলে ভিনির পাশে দাঁড়িয়েছিলেন। এবার সেই ভিনির নিজের ক্লাবের মাঠে প্রতিপক্ষের খেলোয়াড় হলেন বর্ণবাদী আচরণের শিকার।
এল ক্লাসিকোতে বার্সা তারকা লামিনে ইয়ামাল হয়েছেন সেই রূঢ় আচরণের শিকার। এই বিষয়ে উন্মুক্ত তদন্ত করছে বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোস শিবির থেকে জানানো হয়েছে, এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। রিয়ালের পক্ষ থেকে ঘটনা তদন্ত করা হচ্ছে। বর্ণবাদ থেকে শুরু করে ফুটবলের সঙ্গে সাংঘর্ষিক কোনো আচরণ হালকাভাবে দেখার সুযোগ নেই।
ঘটে যাওয়া ঘটনার বিষয়ে রিয়াল মাদ্রিদ সমবেদনা প্রকাশ করছে। দোষীদের খুঁজে বের করে যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে। এ দিকে ম্যাচ চলাকালীন আরও কিছু বিষয় সামনে এসেছে। বার্সার এক কোচিং স্টাফ তর্কে জড়িয়ে পড়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে। পরে হ্যান্সি ফ্লিক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

