সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর শহরের সুলতাননগরে শুক্রবার বিকালে ২৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমি রংপুর অঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রী আমাকে কৃপা করে মন্ত্রী বানিয়েছেন। কাজেই আমি সরকারের সকল উন্নয়ন কর্মসূচি সুচারুরূপে পালন করতে চাই। পাশাপাশি অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু আহমেদ মুর্তজা। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম, পদ্মা সেতু প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঢাকার সভাপতি প্রফেসর এ কে আজাদ খান, সাবেক এমপি শওকত চৌধুরী প্রমুখ।
সৈয়দপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে আধুনিক এ হাসপাতালটি গড়ে তোলা হচ্ছে। ১৯৯৪ সালে বিশিষ্ট ব্যবসায়ী সুলতান প্রামাণিক সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে এক একর জমি দান করেন। পরে সমিতির উদ্যোগে আরো ৫৭ শতক জমি কেনা হয়।
