জামালপুর মাদারগঞ্জে ঝাড়কাটা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব শুরু করছে দুর্বৃত্তরা। অবৈধভাবে বালু তোলায় হুমকির মুখে পড়েছে মাদারগঞ্জ-মেলান্দহে গুরুত্বপূর্ণ সড়কের ঝাড়কাটা ব্রিজসহ নদীপাড়ের জনবসতি, রাস্তা, গাছপালা, ঘরবাড়ি ও ফসলী জমি। দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের বন্ধের প্রতিকার চেয়েও পায়নি বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
জানা যায়, প্রভাবশালীদের ছত্রছায়ায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা এলাকার ঝাড়কাটা নদী থেকে অবৈধভাবে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন কাউসার আহমেদ, জিল্লু মিয়া, শফিকুল ইসলাম ও জোস্না মিয়া। কয়েক মাস ধরে প্রতিদিনই নদী থেকে বালু তুলে বিক্রি করছেন তারা।
ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী ঝাড়কাটা গ্রামের জাকির হোসেন তনা ও সহযোগী গোলাম রব্বানীসহ কয়েকজন জানান, নিজেদের প্রয়োজনে অল্প কিছু বালু উত্তোলন করছেন। এখন আর নদী থেকে বালু তোলা হয় না বলেও দাবি করেন তারা।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাত বলেন, নিজের জমি হলে এক ফুটের বেশি মাটি উত্তোলন করতে পারবেন না। নদী থেকে বালু উত্তোলন সম্পুর্ণ অবৈধ।
তিনি আরও বলেন, ইতোপূর্বে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে এতো কিছুর পরেও বালু তোলা বন্ধ হচ্ছে না। তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

