সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:৫৫

 

মরমি কবি পাগলা কানাইয়ের ১৩০তম মৃত্যুবার্ষিকী পালিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের ১৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ। পরে পাগলা কানাই মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়া ও আলোচনা সভা হয়। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান ও পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গৌরীপুর পৌর যুবলীগের সম্মেলন

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুর পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার গৌরীপুর পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মেহেদী হাসান মিথুনকে সভাপতি ও দেলোয়ার হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

তালা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুদরত-ই-খোদাসহ তিনজনের বিদায় ও নতুন কর্মকর্তা ডা. মীর আবু মাউদের আগমন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম।

বিশ্ব জনসংখ্যা দিবসের র্যালি ও আলোচনা সভা

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান, ডা. ওয়ালিউল হক প্রমুখ।

দুই মাদক ব্যবসায়ী ও ১০ পলাতক আসামি গ্রেফতার

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা বোয়ালমারী থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার আ. রহমান ওরফে রনি কাজী গুরদিয়া গ্রামের এবং রাজু বিশ্বাস দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া একই অভিযানে আরো ১০ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার হয়। বোয়ালমারী থানার ওসি এ কে এম শামীম হাসান বলেন, ওয়ারেন্টভুক্ত ১০ আসামির মধ্যে তিন জনের আদালতের রিকল থাকায় তাদের মুক্তি দেওয়া হয় এবং অন্যদের কোর্টে চালান দেওয়া হয়েছে।

ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী আটক

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা আটোয়ারীতে ফেনসিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে আটককৃতদের মাদক মামলায় পঞ্চগড়ে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন মির্জাপুর গ্রামের আলী হোসেন ও লতিঝাড়ি সজনাপাড়া গ্রামের পইমুল ইসলাম। বারঘাটি পুলিশ তদন্তকেন্দ্রের আইসি ইন্সপেক্টর আ. লতিফ ও আটোয়ারী থানার এসআই মো. শাহীনুর ইসলাম সিদ্দিকী বাদী হয়ে পৃথক পৃথক দুটি মাদক মামলা করেন।

শ্রীবরদীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা হয়।