ধর্মের নামে সন্ত্রাস বন্ধে ওয়াশিংটনে সম্মেলন আগামী সপ্তাহে

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:৫৮

 

বিশ্বজুড়ে শুধুমাত্র ধর্মের নামে শত শত মানুষ নিপীড়নের শিকার হচ্ছে। বাড়তে থাকা এ সংকট নিরসনে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। গত বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ওই সম্মেলনে সান ডিয়াগোর সিনাগগে, নিউজিল্যান্ডের মসজিদে এবং শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্তদের আমন্ত্রণ জানানো হয়েছে। ‘মিনিস্টেরিয়াল টু অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডম’ এর ওই সম্মেলনে বেশ কয়েকটি দেশের মন্ত্রীরা অংশ নেবেন বলে জানান এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূত স্যাম ব্রাউনব্যাক।

বিশ্ব জুড়ে ধর্মের নামে নিপীড়ন বন্ধে ঐ সব দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে স্বাক্ষর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে কোন কোন দেশের মন্ত্রীরা ওই সম্মেলনে অংশ নিচ্ছেন তা তিনি জানাননি। ওই সম্মেলনে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ বক্তৃতা দেবেন। ইরাকের ইয়াজিদি সমপ্রদায়ের এই নারী দীর্ঘদিন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিদল ইসলামিক স্টেটের হাতে যৌনদাসী হিসেবে বন্দি ছিলেন।

আমেরিকার ধর্মপ্রচারক অ্যান্ড্রু ব্রুনসনও সেখানে বক্তব্য রাখবেন, যিনি দুই বছর তুরস্কে বন্দি ছিলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের সময় প্রাণ হাতে নিয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলমানদের কয়েকজন প্রতিনিধিও ওই সম্মেলনে অংশ নেবেন। ব্রাউনব্যাক বলেন, ‘আমরা আশা করছি (ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে) কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।