বেড়াতে গিয়ে ৫ দিন ধরে দম্পতি নিখোঁজ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২০:৫৮

কুষ্টিয়ায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন মৌলভীবাজারের এক দম্পতি।

সস্ত্রীক নিখোঁজ সালাম আহমদ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা। পাঁচ দিন আগে কুষ্টিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশে বের হন তারা।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালাম আহমদ। শুক্রবার (২৫ অক্টোবর) কুষ্টিয়ায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য স্ত্রীসহ কুলাউড়া থেকে রওয়ানা হন। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও যায়নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ-খবর নেওয়ার পরও কোনো সন্ধান পাওয়া যায়নি তাদের।

অলি আহমদ শুভ বলেন, আমরা আমাদের ভাইয়ের খোঁজ পেতে চাই। সে পরিবারের কারও ওপর রাগ করে গেলেও অন্তত সেটা জানতে পারলে আমরা শান্তি পেতাম। থানায় জিডি করার পর পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছে। মোবাইলের লোকেশন চেক করে চট্টগ্রামে সর্বশেষ অবস্থান দেখাচ্ছে বলে সিলেটের ডিআইজি আমাদের জানিয়েছেন।

তিনি আরও বলেন, সালাম আহমদ প্রথমে কুলাউড়া থেকে বাসে করে মৌলভীবাজার যান। মৌলভীবাজার থেকে কি গাড়ি ব্যবহার করেছেন সেটা জানতে পারিনি।

এ বিষয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজ ব্যক্তির পরিবার থেকে থানায় জিডি করা হয়েছে। পুলিশ নিখোঁজ রহস্য উদঘাটনে চেষ্টা করছে।

ইত্তেফাক/এমএএস