দৌলতপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই সহোদরকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২১:১১

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাইন গ্রুপ ও গাজী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

নিহত দুই ভাইয়ের স্বজনদের আহাজারি। ছবি: ইত্তেফাক

নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের রমজান মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫০) ও নজরুল ইসলাম মণ্ডল (৪৫)। দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এলোপাথাড়ি কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, দুই ভাইকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবির জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা ঘটনাস্থলে আছি। দুজনের লাশ কুষ্টিয়া মর্গে রয়েছে।

ইত্তেফাক/এসএএস