খালেদা জিয়ার জামিনে হস্তক্ষেপ করছে সরকার :রিজভী

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ যাতে সরকারের জুলুমের শাসনের বিরুদ্ধে সোচ্চার হতে না পারে, সে জন্য তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জোর করে কারান্তরীণ করা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ। অথচ তার জামিনে সরকার আদালতের ওপর হস্তক্ষেপ করে বাধা দিচ্ছে। গতকাল নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রহুল কবির রিজভী বলেন, জনগণ আওয়ামী দুঃশাসনের কারণে তাদের ঘৃণা করে। এই ঘৃণার প্রতিশোধের অংশ হিসেবে গ্যাসের দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম চালাচ্ছে সরকার। দেশের সম্পদ লুট এবং জনগণের রক্ত চুষতে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছে এই সরকার।

মিছিলে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল সভানেত্রী রাজিয়া আলিম, উত্তরের সভানেত্রী পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমেনা বেগম প্রমুখ।