তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে হাফেজ মুয়াজ। তার এই কৃতিত্বে দেওয়া হয় ছাদখোলা বাসে সংবর্ধনা। ২০১৬ সালের পর ৮ বছর পর তুরস্কের এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ।
বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় জোহরের নামাজের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন প্রথম হওয়া মুয়াজ।
বাছাই পর্বে দেশের শত শত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
এছাড়া, চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে।
হাফেজ মুয়াজ ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকা’র কিতাব বিভাগের ছাত্র। তিনি এ মাদরাসা থেকে হাফেজ হয়ে এখন কিতাব বিভাগে পড়াশোনা করছেন।
