ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী কলোনীপাড়ায় বৃহস্পতিবার রাতে স্বামীকে আটকে নববধূকে ধর্ষণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার বিকালে নববধু বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে, পূর্ব খড়িবাড়ী কলোনী পাড়া গ্রামের মাহাবুব হোসেনের পুত্র রেজাউর ইসলাম (৩০), হারুন ইসলামের পুত্র শফিকুল ইসলাম (২৮), জাফুর মামুদের পুত্র আব্দুর রউফ (২৬), মশিয়ার রহমানের পুত্র গিয়াস উদ্দিন (২৭) ও মেনহাজ আলীর পুত্র মতিউর রহমানকে (২২)।
জানা যায়, গত ২৩ জুন তাদের বিয়ে হয়। আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। পূর্ব খড়িবাড়ী কলোনিপাড়া নামক স্থানে তিস্তা নদী সংলগ্ন নালা পার হওয়ার সময় ৫ বখাটে তাদের আটক করেন। ৩ জন তার স্বামীকে আটকে রাখে। দুই যুবক তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি চিত্কার দেন। তার চিত্কারে আশেপাশের লোকজন চলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
