সাতক্ষীরায় দাদিকে গলা কেটে হত্যা করলেন নাতি

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২০:১৩

সাতক্ষীরায় দাদি সখিনা খাতুনকে গলা কেটে হত্যা করেছেন নেশাগ্রস্ত নাতি। 

শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সখিনা খাতুন (৭০)তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী। এ ঘটনায় নাতি হানিফ জোয়াদ্দারকে (২৪) আটক করেছে পুলিশ।

এদিকে, হত্যাকারী নাতি হানিফ জোয়াদ্দার ওই গ্রামের মশিয়ার রহমান জোয়াদ্দারের ছেলে। তিনি স্থানীয় শালিখা কলেজে ডিগ্রিতে পড়াশোনা করেন বলে জানা গেছে।

নিহতের ননদ নুর জাহান বেগম বলেন, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদির সঙ্গে ঝগড়া করে নেশাগ্রস্ত হানিফ জোয়ার্দার। এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সে তার দাদি সখিনা খাতুনকে জবাই করে হত্যা করে। স্থানীয় বাসিন্দারা হানিফকে আটকে রেখে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একইসঙ্গে ঘাতক হানিফ জোয়ার্দারকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি তার দাদিকে হত্যার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এসএএস