দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নিয়েছে : হাসনাত আবদুল্লাহ

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৩:৫৬

দেশে আর ফ্যাসিবাদের পুর্নবাসন হবে না এবং দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নিয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, দেশে পরবর্তী সরকারে কে আসবে- তা নির্ধারণ করবে জনগণ। যদি জনগণ মনে করে এমন কাউকে ক্ষমতায় আনবে, যারা পূর্বের মত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে; তার দায়ভারও তাদেরকেই নিতে হবে। এখন সিদ্ধান্ত আপনারা কাকে আগামীতে ক্ষমতায় আনবেন।

শুক্রবার (১ নভেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারে কোনভাবেই চাঁদাবাজিকে স্থান দেওয়া হবে না। এটি রাজনৈতিক ও সামাজিকভাবেই সবাইকে মোকাবেলা করতে হবে। দেবিদ্বারের অবস্থা এমন হয়েছে, যারা রাজনীতিতে আসছে তারা বিদেশে থাকছে। আর দেশে এসে পৈত্রিক কোটায় ক্ষমতায় আসছে। তাদের নিজেদের মধ্যে পাতানো বিরোধী বিরোধী খেলা আছে, অর্থাৎ সরকারে গেলেও আমার পরিবার বিরোধী গেলে আমার পরিবার।  যারা গত ১৬ বছর মানুষের ওপর জলুম নির্যাতন করেছেন, তাদেরকে সমঝোতার মাধ্যমে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।  আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আপনারা যারা নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা তাদের বিরুদ্ধে মামলা করবেন এবং আইনি সহায়তা নিবেন। এরজন্য যারা বাধা দিবে তাদের নামগুলো প্রকাশ করবেন।

সহায়তার বিষয়ে হাসনাত আরও বলেন, দেবিদ্বারে যারা শহীদ ও আহত হয়েছেন- আমি বিভিন্ন ফাউন্ডেশনে গিয়ে গিয়ে তাদের জন্য অর্থ সহায়তা এনেছি। ইতোমধ্যে দেবিদ্বারের ১০ শহীদ পরিবারের মাঝে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। আহতদের দেওয়া হয়েছে ৬ লাখ টাকা। আজকে শহীদ ও আহত পরিবারে মাঝে ১৩ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এটি সরকারি কোন অনুদান নয়, সরকার জুলাই স্মৃতি ফাউন্ডশন করেছে; ওই ফাউন্ডেশনের মাধ্যমে আরও অনুদান দিবে।
  
বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিচালনায় ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, জহিরুল ইসলাম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের। 

 

ইত্তেফাক/কেএইচ