রিফাত শরীফ হত্যা মামলার আসামি রাব্বি আকনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরগুনা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রাব্বি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের আবুল কালামের ছেলে। গতকাল শুক্রবার বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবীর মোহাম্মদ হোসেন এ তথ্য জানান।
পুলিশ সুপার মো. মারুফ হোসেন রাব্বিকে গ্রেফতারের ব্যাপারে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ছয় জনসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে সন্দেহভাজন আসামি হিসেবে রাতুল সিকদার নামে একজনকে গ্রেফতার করে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে রাব্বিকে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির। বিচারক রাব্বির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১ জুলাই মামলার আসামি অলি ও তানভীর, ৪ জুলাই রাতে মামলার আসামি চন্দন ও মো. হাসান, ৫ জুলাই রাতে মো. সাগর ও নাজমুল হাসান এবং ১০ জুলাই রাতে রাফিউল ইসলাম রাব্বি আদালতে হাজির হয়ে বিচারকের সামনে রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এখন পর্যন্ত সাতজন আসামি হত্যার দায় স্বীকার করেছেন।
প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই ভোররাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে ৩ জুলাই রাতে পুলিশ গ্রেফতার করে। মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে হত্যা মামলায় সাতদিন জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র মামলায় আরো সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কামরুল হাসান সাইমুন, আরিয়ান শ্রাবণ ও টিকটক হূদয়কে পাঁচদিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
