মানিকগঞ্জে ধর্ষণ চেষ্টা মামলায় গৃহশিক্ষক গ্রেফতার

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:৩৬

মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রুবেল ওরফে রোমেল (৩০) নামের এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয় এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাঙ্গরা গ্রামের মো. রুবেল গৃহশিক্ষকতা ছাড়াও বেতিলা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিল।

মানিকগঞ্জ সদর থানার এসআই হারেজ শিকদার জানান, গৃহশিক্ষক রুবেল প্রতিদিন সন্ধ্যায় ঐ ছাত্রীর বাড়িতে গিয়ে পড়াত। এ সুযোগে সে অনেকদিন ধরেই ঐ ছাত্রীকে নানাভাবে যৌননিপীড়ন করে আসছিল। গত ৬ জুলাই প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে রুবেল। এ সময় মেয়েটি ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। পরে ঘটনা কাউকে না জানাতে ঐ ছাত্রীকে ভয়-ভীতি দেখায় রুবেল।

বুধবার তার খালার কাছে সব ঘটনা খুলে বলে মেয়েটি। এরপর তার মা-বাবাও বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পালিয়ে যাওয়ার সময় রুবেল ওরফে রোমেলকে গ্রেফতার করা হয়।